ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ফেনীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের কাছে পাগলা মিয়া সড়কের মাথা নামক স্থানে একটি দ্রুতগামী কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন নিহত ও দুজন আহত হন।নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক লোকমান হোসেন (৪৫), যাত্রী মো. ইয়াছিন (৪৫), কাজী শেখ ফরিদ (৬০) ও আবদুল খালেক (৩৫)। ময়নাতদন্তের জন্য লাশগুলো ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিরা হলেন ইকরা মজুমদার (৩০) ও আসমা আক্তার (২৫)। তাঁদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কভার্ড ভ্যান ও অটোরিকশাটি আটক করেছে। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।