ফেনীতে সড়ক দুর্ঘটনায় পল্লিচিকিৎসক নিহত
ফেনীতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সুভাষ চন্দ্র দাস (৩২) নামের একজন পল্লিচিকিৎসক নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী পৌর এলাকার লালপোলে গতকাল বেলা দুইটার দিকে সড়ক পারাপারের সময় সুভাষ চন্দ্র দাস বাসের চাকায় পিষ্ট হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুভাষ চন্দ্র দাসের বাড়ি ফেনী সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়ায় শিশু নিহত: লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাজঘাটা এলাকায় গতকাল ট্রাকের চাপায় রীমা আক্তার (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রীমা আক্তার রাজঘাটা এলাকার প্রবাসী মনজুর আহমদের একমাত্র সন্তান। গতকাল মায়ের সঙ্গে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে যায় রীমা আক্তার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক রীমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, গাড়িটি আটকের চেষ্টা চলছে।