ফেনীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
ফেনীতে ট্রাকের ধাক্কায় পুলিশের একটি টহল পিকআপভ্যান খাদে পড়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
আজ বুধবার ভোরে কসকা কাজির দীঘি নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম রফিকুল ইসলাম (২৮)। তিনি মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লায়।
আহত দুজন হলেন কনস্টেবল হারুন অর রশিদ ও এনামুল হক। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, ভোরে কাজির দীঘি এলাকায় পুলিশের একটি পিকআপভ্যান টহল দিচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় পুলিশের ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কনস্টেবল রফিকুলসহ তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রফিকুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার তথ্য জানিয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান বলেন, পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেওয়া ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।