ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কসকায় মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মাইনুর বেগম (৩৫) ও তাঁর মেয়ে জারজানা আক্তার (৭)। তাঁদের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সৈয়দ নগর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি মাইক্রোবাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইনুর বেগম ও তাঁর মেয়ে জারজানা আক্তার নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

আহত ব্যক্তিদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে কোহিনুর বেগম (৩৫) ও তাঁর ছেলে ফয়সলকে (৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মো. রফিক (৬৫) নামের একজন ফেনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ দুজন নিহত ও তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।