ফেনীতে সড়ক বিভাগের জায়গায় মাদ্রাসা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সড়ক বিভাগের জায়গা দখল করে নূরানী মাদ্রাসার নামে পাকা ভবন নির্মাণ করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মূলত সরকারি জমি দখল করে নিচতলায় দোকান করে ভাড়া দেওয়ার পাঁয়তারা চলছে।ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নির্মাণাধীন এ ভবনের কাজ বন্ধ করে মালামাল সরিয়ে নিতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ নির্দেশ দিলেও তা মানছে না প্রভাবশালী মহলটি। বাজারের একাধিক ব্যবসায়ী জানান, মাদ্রাসার নামে তিনতলা ভবন করে নিচতলাটা দোকানঘর করে ভাড়া দেওয়া হবে বলে তাঁরা জেনেছেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন প্রথম আলোকে বলেন, সড়ক বিভাগের জায়গা ছাড়াও সেখানে সরকারের খাস জায়গাও রয়েছে। বারবার নিষেধ করা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষ পাকা ভবন করার চেষ্টা করছে।এলাকাবাসী জানান, কিছুদিন আগে মোহাম্মদ আলী বাজারের দক্ষিণ পাশে তোহা বাজারের একটি অংশ ও সড়ক বিভাগের জায়গা দখল করে ‘মোহাম্মদ আলী বাজার ইসলামিয়া নূরীয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে স্বার্থান্বেষী মহলটি। খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ভূমি কর্মকর্তা সেখানে যান এবং নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু উদ্যোক্তারা তা উপেক্ষা করে সেখানে প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের তিনতলা ভবন নির্মাণ কাজ শুরু করে। গত ৩১ মে ভোরে ভবনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। খবর পেয়ে ফেনী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী বিনয় কুমার দাস ঘটনাস্থলে গিয়ে ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন এবং তিন দিনের মধ্যে স্থাপনাসহ মালামাল সরিয়ে নিয়ে মাদ্রাসার উদ্যোক্তা নাদেরুজ্জামানকে লিখিত নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ এখনো পালিত হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসার উদ্যোক্তা নাদেরুজ্জামানকে পাওয়া যায়নি। তবে মাদ্রাসার শিক্ষক মো. নুরুর ছালাম দাবি করেন, আগে থেকে সেখানে একটি কাঁচাঘরে মাদ্রাসার কার্যক্রম চালানো হতো। তবে জমির মালিকানা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।মাদ্রাসা ভবন ছাড়াও ওই বাজারে সড়ক বিভাগের জায়গায় আরও বেশ কয়েকটি দোকানঘর গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, বিষয়টি তাঁরা নজরে রাখছেন। অবৈধ স্থাপনাসহ মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তা না হলে বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।