ফেনীতে সয়াবিনের লেবেল জালিয়াতি, দেড় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার এক নকল সয়াবিন তেলের প্রতিষ্ঠানকে লেবেল জালিয়াতির অপরাধে দেড় লাখ টাকার জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত শহরের মধ্যম রামপুর এলাকায় অভিযান চালিয়ে এক নকল সয়াবিন তেলের কারখানাকে বাজারের খোলা তেল কিনে বোতলজাত করে বিএসটিআইর অনুমোদনহীন ও নকল লেবেল ব্যবহারের অপরাধে দেড় লাখ টাকা জরিমান করেছেন। এ সময় কারখানায় সংরক্ষিত অবশিষ্ট নকল লেবেলগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং কারখানার মালিক খুরশিদ আলম ও সবুজকে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য যে ওই প্রতিষ্ঠানটি জালিয়াতিক্রমে রূপচাঁদা সয়াবিন তেলের আদলে হুবহু লেবেল নকল করে রূপালীচাঁদা লিখে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। অপরদিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে স্টারলাইন পরিবহনের কয়েকটি যাত্রীবাহী বাস সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং মহিপাল কাঁচাবাজারে তিনজন মাংস ব্যবসায়ীকে ওজনে কম দেওয়ার অপরাধে ১৩ হাজার টাকা জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর অহমঞ্চদ এবং বিএসটিআইর পরিদর্শক শাখাওয়াত হোসেন।