ফেনীতে হকার উচ্ছেদ অব্যাহত,৭ জনকে কারাদণ্ড
ফেনীতে ফুটপাত দখলকারী হকারদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মহসীন মৃধা জানান, গত বুধবার শহরের ট্রাংক রোড ও মহিপাল এলাকায় অভিযান চালানোর সময় সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে গতকাল আবারও তাঁরা ফুটপাত দখল করে বেচাকেনা শুরু করেন।
ভ্রাম্যমাণ আদালত পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় আম, কাঁঠাল, জাম, আনারস, মাল্টাসহ বিভিন্ন ধরনের প্রায় তিন হাজার কেজি ফল জব্দ করেন। এ সময় সাতজনকে সাত দিন করে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। তাঁরা হচ্ছে আবদুল আউয়াল মিয়া (৪৫), সাহাব উদ্দিন (৫০), দিদার আলম (১৮), আবুল কাসেম (৪২), বাপ্পি ((৩২), জাহাঙ্গীর আলম (৩৫) ও আবু ছায়েম (৩২)।