ফেনীতে হচ্ছে দেশের প্রথম ছয় লেনের উড়াল সেতু
দেশের প্রথম ছয় লেনের উড়াল সেতুটি (ফ্লাইওভার) নির্মিত হবে ফেনীতে। আজ রোববার বিকেল সাড়ে তিনটায় ফেনীর মহিপালে উড়াল সেতুর স্থান পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে এখানে আসেন তিনি।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, মহাসড়কে সবগুলি উড়ালসড়ক চার লেন করা হয়েছে। যানজট প্রবণ এলাকা এবং যানজটের তীব্রতাও বেশি হওয়ায় ফেনীর ফ্লাইওভারটি ছয় লেন করা হবে। ডিসেম্বর থেকে ফ্লাইওভারের দৃশ্যমান কাজ শুরু হবে এবং তিন বছরের মধ্যে শেষ হবে। প্রাথমিক কাজ শুরু হয়েছে।
এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জোনায়েদ আহসান, ফোর লেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক আবদুস সবুর, নোয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহ নেওয়াজ, নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুল রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর মেজর মো. সাদেক ও মেজর জুলফিকার উপস্থিত ছিলেন।
ফেনীর এই মূল উড়াল সেতুর দৈর্ঘ্য হবে ৬৬০ মিটার। এ ছাড়া থাকবে সংযোগ সড়ক। ফ্লাইওভারের জন্য মোট ব্যয় ধরা হয়ে হয়েছে ১৫৮ কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনী কাজটির দায়িত্ব পেয়েছে।