ফেনীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান কারাগারে
ফেনীতে এক ব্যবসায়ীকে গুম ও খুনের মামলায় কামরুজ্জামান তালুকদার নামে একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার ফেনী সদর আদালতের বিচারক খায়রুল আমিন তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কামরুজ্জামান তালুকদার ফেনী সদর উপজেলার লেমুয়া ইউপির চেয়ারম্যান ছিলেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩২) তাঁর ব্যবসায়িক অংশীদার ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের মুরগির (পোলট্রি) ব্যবসায়ী আকবর মিয়ার কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন।সাইফুল ইসলামের স্ত্রী নুর নাহার অভিযোগ করেন, তাঁর স্বামী লেমুয়া বাজারের ব্যবসায়ী আকবর মিয়ার কাছে ১৭ লাখ টাকা পাওনা ছিলেন। গত বছরের ৬ সেপ্টেম্বর পাওনা টাকা আনতে তিনি আকবর মিয়ার লেমুয়া বাজারের মুরগির খামারে যাওয়ার পর আর ফিরে আসেননি।আকবর মিয়া তাঁর স্বামীকে লেমুয়া বাজার থেকে অপহরণ ও গুম করেছেন মর্মে নুর নাহার ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাইফুল ইসলামকে অপহরণ ও গুমের ঘটনার দীর্ঘদিন পর পুলিশ ফেনীর লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের হরেন্দ্র কুমার নাথের ছেলে বিমল চন্দ্র নাথকে ওই মামলার সন্দেহভাজন হিসেবে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত বছরের ২২ নভেম্বর বিমল চন্দ্র নাথ পুলিশের কাছে সাইফুল ইসলামকে আকবর মিয়া হত্যা করেছে বলে স্বীকার করেন। এবং তাঁর শনাক্ত মতে, এলাকার একটি ডোবা থেকে সাইফুলের খণ্ডিত ও গলিত লাশ উদ্ধার করা হয়। পরে আকবর মিয়া গ্রেপ্তার হয়ে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জমান তালুকদারও জড়িত ছিলেন বলে পুলিশকে জানান। কামরুজ্জমান তালুকদার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন এবং হাইকোর্ট পুলিশের অভিযোগপত্র দায়ের না করা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। সম্প্রতি ওই মামলায় আকবর মিয়া, প্রধান আসামি বিমল চন্দ্র নাথ ও কামরুজ্জামান তালুকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়।