ফেনীতে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি হত্যা মামলার রায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনুর রশিদ এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৫ মে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সহাভিকারী গ্রামের মৃত সফি উল্লাহর ছেলে শহীদুল্লাহ (২৪) বাড়ির পুকুর থেকে ভেজানো গাছ তুলে ট্রলিযোগে বাজারে নেওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের ছেলামত উল্লাহর ছেলে আহসান উল্লাহ, আহসান উল্লাহর ছেলে সিরাজুল ইসলাম, মো. ছাদেকের ছেলে মো. ইব্রাহিম, আহসান উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম ও মো. ইব্রাহিমের স্ত্রী শেফালী বেগম পূর্বপরিকল্পিতভাবে শহীদুল্লাহকে লাঠি, রড ও দা দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার চার দিন পর ২৯ মে শহীদুল্লাহর ভাই শরিফ উল্লাহ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল মঙ্গলবার আসামি আহসান উল্লাহ ও সিরাজুল ইসলামকে ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনুর রশিদ। সাজা পাওয়া আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারের দিন থেকে রায় কার্যকর করা হবে।এ ছাড়া মামলার অপর তিন আসামি ইব্রাহিম, আনোয়ারা বেগম ও শেফালী বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহমঞ্চদ হাজারী।