ফেনীতে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি হত্যা মামলার সাত আসামিকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নোমান ওরফে আবদুল নোমান, সবুজ, মোশারফ হোসেন ওরফে জসিম, জসিম উদ্দিন ওরফে বলি, জহির, খোরশেদ আলম ও আবদুল মোতালেব ওরফে সবুজ। আদালত তাঁদের দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ছাড়া আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচ আসামি নোমান, সবুজ, জসিম উদ্দিন, জহির ও আবদুল মোতালেব এবং আবদুর রহিম নামের অপর আসামিকে ৩৮৫ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামিদের সবাই পলাতক।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশবণিক রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৭ সালের ২৭ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র রায়কে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর ভাই পরিমল চন্দ্র ৩৬ জনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে। ১৯৯৯ সালের ৩ এপ্রিল সিআইডির পরিদর্শক সন্তোষ কুমার কুণ্ডু ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০৯ সালে মামলার প্রধান আসামি নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাত র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। একই বছর রফিকুল ইসলাম মজুমদার নামের আরেক আসামি মারা যান।
আদালত মামলার আট আসামি নুরুল আমিন, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, আবু তৈয়ব আলম, জাহাঙ্গীর আলম, জিয়া উদ্দিন, ছলিম উল্যাহ ও কিবরিয়াকে বেকসুর খালাস দিয়েছেন।