ফেনীতে হত্যার অভিযোগে ১৩০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হত্যার অভিযোগে জিয়া উদ্দিন ওরফে রূপম (২৬) নামে এক যুবকের লাশ ১৩০ দিন পর গতকাল সোমবার ফেনী পৌরসভার সুলতানপুর কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। গত ১৭ জুলাই ফেনীর দাগনভূঞা উপজেলার বারাহিগনি গ্রামের পণ্ডিতবাড়ির আবুল হাসেমের রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত পরিচয় হিসেবে পুলিশ জিয়ার লাশ উদ্ধার করে। ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ১৮ জুলাই ফেনীর সুলতানপুর পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জিয়া উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মকবুল আহম্মদ মজুমদারের ছেলে। ২৩ জুলাই তাঁর বড় বোন রাবেয়া সুলতানা বাদী হয়ে জিয়াকে হত্যা করা হয়েছে মর্মে ফেনীর বিচারিক আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দুই আগস্ট দাগনভূঞা থানায় রেকর্ড করা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বারাহিগনি গ্রামের ওই বাড়ির একটি মেয়ের সঙ্গে জিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কয়েক দিন আগে মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়া হয় এবং জিয়াকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি অনুযায়ী, আদালতের নির্দেশে গতকাল লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ারুল আজিম কবর থেকে ১৩০ দিন পর লাশ উত্তোলনের সত্যতা নিশ্চিত করেন।