ফেনীতে হত্যার দায়ে আটজনের কারাদণ্ড
ফেনীতে একটি হত্যা মামলায় আটজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ মো. হারুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।সাজা পাওয়া আসামিদের মধ্যে সামছুল হক চৌধুরী ও নূরুল করিম কারাবন্দী রয়েছেন। বাকি ছয় আসামি নূরুল ইসলাম, সিরাজুল হক, কামাল উদ্দিন, নূরুল আফসার, নূরুল হক ও আকবর হোসেন পলাতক।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংস বণিক। তিনি বলেন, মামলা থেকে ফয়েজ আহম্মদ ও মাযাহারুল হক ওরফে সিরাজকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর সাজা পাওয়া ওই আট আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৯৮৮ সালের ১৮ ফেব্রুয়ারি সদর উপজেলার বেতাগাঁও গ্রামের বটতলা এলাকায় একদল লোক ডোমরা গ্রামের সাইফুদ্দিন মানিকের ওপর হামলা চালায়। এতে সাইফুদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।