ফেনীতে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
ফেনীতে ডাকাতের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সোনাগাজী উপজেলার চরলামছি গ্রামের ছুট্টু মিয়া ও চর কৃষ্ণজয় গুচ্ছ গ্রামের মনির উদ্দিন ওরফে খোকন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া মামলার অপর পাঁচ আসামি মোশারফ হোসেন, মো. ফারুক, বাহার আহম্মদ, মো. হারুন ও নুরুল ইসলামকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংস বণিক ও আদালত সূত্রে জানা যায়, বিগত ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর রাতে ফেনীর সোনাগাজী উপজেলার চর সোনাপুর গ্রামে একদল সশস্ত্র ডাকাত পুলিশ পরিচয় দিয়ে সৌদিপ্রবাসী আবদুল মান্নানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জিনিসপত্র লুট করে। এরপর তারা বেরিয়ে যাওয়ার পর ঘরের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সাহাব উদ্দিন নামের একজন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় প্রবাসী আবদুল মান্নানের ভাই নুর নবী বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা করেন। সোনাগাজী থানার তৎকালীন উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অরুণ কুমার চন্দ ১৯৯৭ সালের ২৭ মে সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।