ফেনীতে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ছোট ভাই মো. শেখ ফরিদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই মো. বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন। আসামি মো. বাবুল মিয়া পলাতক আছেন। আদালতের রায়ে বলা হয়, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁর সাজা কার্যকর হবে।
মামলার এজাহার সূত্র ও সহকারী সরকারি কৌঁসুলী দ্বিজেন্দ্র কুমার কংশবণিক বলেন, মামলার বাদী মো. গুড়া মিয়া পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনিকুন্ডা গ্রামের অধিবাসী। তাঁর পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে মো. বাবুল মিয়াকে বিয়ে করানোর পর থেকে পারিবারিক অশান্তি শুরু হয়। এ অবস্থায় তিনি তাঁকে (বড় ছেলে) একই ঘরের একাংশে থাকার সুযোগ দিয়ে পরিবার থেকে পৃথক করে দেন। ২০০৪ সালের ৫ এপ্রিল গুড়া মিয়ার সঙ্গে বাবুলের কথা-কাটাকাটির একপর্যায়ে বাবুল গুড়া মিয়ার ওপর হামলা করে। এ সময় শেখ ফরিদ বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবুল ফরিদকে কোদাল দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে শেখ ফরিদকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউনিয়ন ধনিকুন্ডা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে ফেনী সদর হাসপাতালে এবং একই দিন ঢাকায় স্থানান্তরের সময় পথে শেখ ফরিদ মারা যান।