ফেনীতে হরতাল বিরোধী মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জামায়াত-শিবিরের হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফেনী পৌরসভা চত্বর থেকে আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের মিছিল শুরু হয়ে ট্রাঙ্ক রোডে এক হয়ে যায়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান প্রমুখ। বক্তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করে রায় বাস্তবায়নের দাবি জানায়। নোয়াখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা: নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার হরতালবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।গতকাল সকালে নোয়াখালী-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এ শোভাযাত্রা জেলা শহর থেকে বের হয়ে সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এ এইচ এম খায়রুল আনম, যুগ্ম সম্পাদক আবদুল মমিন, সদর উপজেলার সভাপতি শিহাব উদ্দিন, শহর শাখার সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সহিদউল্যা খানসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।