ফেনীতে হারবাল সেন্টারকে জরিমানা ও সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অপরাধে গতকাল রোববার সন্ধ্যায় ফেনীর মহিপাল এলাকায় ‘ফেনী সিটি হারবাল সেন্টার’ নামের একটি ওষুধ বিক্রির দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ফেনী সিটি হারবাল সেন্টার নামের একটি ওষুধের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাদের কাছে ওষুধ বিক্রির লাইসেন্স আছে কি না, তা জানতে চান। কিন্তু তারা ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমান দোকানমালিককে ওষুধ আইনে ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন এবং দোকানটি সিলগালা করে দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদুর রহমান ফেনী সিটি হারবাল সেন্টারকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।