ফেনীতে চিকিৎসকের অনুপস্থিতিতে সেবিকার ভুল চিকিৎসায় শিশু–মৃত্যুর অভিযোগে স্বজনেরা একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। গতকাল বুধবার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কুশুল্যা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী খালেদা আক্তারের প্রসব বেদনা শুরু হয়। স্থানীয় গ্রাম্য চিকিৎসকের পরামর্শে স্বজনেরা খালেদাকে ফেনী শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করান। বেলা তিনটার দিকে চিকিৎসকের অনুপস্থিতিতে হাসপাতালের একজন সেবিকা খালেদার মৃত সন্তান প্রসব করান।
প্রসূতি খালেদা অভিযোগ করেন, বারবার বলার পরও কোনো চিকিৎসক তাঁকে দেখেননি এবং একজন সেবিকা সন্তান প্রসব করান। সেবিকার টানাহেঁচড়ার কারণেই তাঁর মৃত সন্তান জন্ম হয়েছে।
খবর পেয়ে স্বজনেরা জড়ো হয়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান। পরে ফেনী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও হাসপাতালের নির্বাহী পরিচালক জসিম উদ্দিন চিশতিকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন হামলা ও ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।