ফেনীতে হিযবুত তাওহীদের তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর থানার পুলিশ গতকাল শনিবার উগ্রপন্থী গোপন সংগঠন হিযবুত তাওহীদের দুই নারী সদস্যসহ তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার পূর্ব বশিকপুর গ্রামের রোকেয়া বেগম (৪৫) ও ফাতেমা আক্তার ওরফে মুক্তা (২৫) এবং খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার মাস্টারপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলা পরিষদের কার্যালয় এলাকায় দুপুর ১২টার দিকে রোকেয়া, মুক্তা ও সাইফুল হিযবুত তাওহীদ প্রকাশিত বই ও সিডি বিক্রি করছিলেন। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে থানায় খবর দেন। পুলিশ ওই দুই নারীসহ তিনজনকে আটক করে ফেনী সদর থানায় নিয়ে যায়। পুলিশ তাঁদের কাছ থেকে কয়েকটি বই ও সিডি জব্দ করেছে।সদর থানায় পুলিশের উপস্থিতিতে ফাতেমা আক্তার সাংবাদিকদের জানান, ধর্মীয় প্রচারের পাশাপাশি বই ও সিডি বিক্রির ওপর কিছু কমিশনের আশায় গতকাল প্রথমবারের মতো সংগঠনটির কর্মকাণ্ডে যোগ দেন তিনি।জানা গেছে, ১০ বছর ধরে সাইফুল ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায় থেকে হিযবুত তাওহীদের সঙ্গে যুক্ত। আর রোকেয়া বেগমও অনেক দিন থেকে সংগঠনটির সঙ্গে যুক্ত বলে পুলিশকে জানিয়েছেন।ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হিযবুত তাওহীদের দুই নারী সদস্যসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।