ফেনীতে হেলে পড়া ভবনে 'নির্মাণ ত্রুটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের কারণে ফেনীতে হেলে পড়া চারতলা ভবনটি ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী। তিনি বলেছেন, ভবনটির নির্মাণে ত্রুটি ছিল।
গত বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের সময় ফেনী পৌর এলাকার সুলতানপুর গ্রামে একটি চারতলা ভবন একই মালিকের আরেকটি পাঁচতলা ভবনের দিকে হেলে পড়ে। দুটি ভবনের মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী তোফায়েল আহম্মদ।
ভবন হেলে পড়ার খবর পাওয়ার পর ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর রাতেই ওই ভবনে বসবাসরত আটটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, ভূমিকম্পের কারণে চারতলা ভবনের পশ্চিম পাশ দেবে গিয়ে পাশের পাঁচতলা ভবনের দিকে হেলে পড়ে। হেলে পড়া ভবনটি শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হবে। তা না হলে পাশের ভবনটিরও ক্ষতি হবে। তিনি বলেন, পাশের ভবনটি না থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হবে কি না?—এই প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, ‘এ ব্যাপারে একটি কমিটি আছে। রোববারের আগে এই কমিটির বৈঠক করা সম্ভব নয়।’ তিনি বলেন, ভবনটির নির্মাণে ত্রুটি ছিল। ভবনটি তৈরিতে নকশা অনুসরণ করা হয়নি।