ফেনীতে ১০টি গাড়ি ভাঙচুর, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আজ বুধবার ফেনীতে ১০টি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। আর পুলিশ গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে শিবিরের আটজন কর্মীকে আটক করেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের ট্রাংক রোড, ইসলামপুর রোডের মাথা, মহিপালসহ বিভিন্ন এলাকায় চোরাগোপ্তা হামলা করে সিএনজিচালিত চারটি অটোরিকশা ও ব্যাটারিচালিত একটি ইজিবাইক (টমটম) ভাঙচুর করেন। পরে তাঁরা আরও একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের ফাজিলপুর এলাকায় চারটি ট্রাক ভাঙচুর করেন শিবিরকর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের দুজন কর্মীকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে ছয়জন ও আজ সকালে দুজনকে আটক করা হয়েছে।