ফেনীতে ১৩০০ প্রাথমিক শিক্ষক বেতন পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সরকারি ও বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অক্টোবরের বেতন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাননি। ঈদ ও দুর্গাপূজা এ বছরে কাছাকাছি সময়ে হওয়ায় ২১ অক্টোবরের মধ্যেই সরকারি-বেসরকারি শিক্ষকদের অগ্রিম বেতন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশ দেয়। আর সময়মতো বেতন না পাওয়ায় শিক্ষকেরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়ী করছেন।সূত্র জানায়, ফেনী জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অক্টোবরের অগ্রিম বেতন পেলেও, ফেনী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার অবহেলায় সদরের প্রায় ৭০০ জন শিক্ষক বেতন পাননি বলে অভিযোগ করেন তাঁরা। এদিকে জেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. মহিউদ্দিন খন্দকার অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের অক্টোবরের অগ্রিম বেতন প্রদান করা হয়নি।ফলে জেলার ১৪৪টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ জন শিক্ষকের ঈদ ও পুজোর আনন্দ নেই। ইতিমধ্যে হিন্দুধর্মাবলম্বীদের দুর্গোৎসব শেষ হয়েছে। কোরবানি ঈদের বাকি আর মাত্র এক দিন। গতকাল অনেক শিক্ষক ব্যাংকে গিয়ে ফেরত আসেন। এ সময় ব্যাংক জানায়, শিক্ষা কার্যালয় থেকে তারা কোনো উপদেশ পায়নি। আর এ জন্য শিক্ষকেরা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের আন্তরিকতার অভাব ও দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন।ফেনী পৌরসভার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, বেতন না পাওয়ায় অনেক শিক্ষককে কোরবানির টাকা ধার করতে হচ্ছে। ফেনী সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী ওয়াজিউল্লা ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।তাঁদের অভিযোগ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগমের অবহেলার কারণে শিক্ষকেরা ঈদের আগে বেতন পাননি।ফেনী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগমের কাছে শিক্ষকদের বেতন না হওয়ার বিষয় জানতে চাইলে তিনি ব্যাংকে উপদেশ পাঠিয়েছেন বলে জানান। অন্যদিকে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অক্টোবরের বেতন না পাওয়া প্রসঙ্গে সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহামঞ্চদ আলী জানান, তাঁরা মন্ত্রণালয় থেকে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারে নির্দেশনা পেয়েছেন। বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারে কোনো নির্দেশনা পাননি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আবদুর আজিজ জানান, মন্ত্রণালয় থেকে এ ধরনের নির্দেশনা সরাসরি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। তাঁরাই এ ব্যাপারে ব্যবস্থা নেন।