ফেনীতে ২৪ ঘণ্টায় ৬৬ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় জেলার একজন মারা গেছেন। এ নিয়ে ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হলো। জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম ইউছুপ আলী (৭০)। তিনি জেলার দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের বাসিন্দা। গত ২৮ জুন জ্বর-কাশি নিয়ে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন তাঁর করোনা শনাক্ত হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতেই মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হওয়া ৬৬ জনের মধ্যে শুধু সদর উপজেলারই রয়েছেন ৫১ জন। এ ছাড়া দাগনভূঞার ১ জন, পরশুরাম উপজেলার ১০, ফুলগাজীর ৪ জন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব ও ফেনীর যক্ষ্মা নিয়ন্ত্রণ কেন্দ্রের জিন এক্সপার্ট ল্যাবে ২০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৭৩। জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৬৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন জানান, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩১ জন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও শহরের একটি বেসরকারি হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।