ফেনীতে ২৫ হাজার ভারতীয় মুরগির বাচ্চা আটক
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর সেতুর কাছ থেকে গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২৫ হাজার আমদানি নিষিদ্ধ এক দিনের ভারতীয় মুরগির বাচ্চা আটক করেছেন। আটক করা বাচ্চাগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির বিজিবির সদস্যরা গতকাল ভোরে ভারতীয় সীমান্তসংলগ্ন ফেনী নদীর শুভপুর সেতুর পাশের একটি ধানখেত থেকে মুরগির বাচ্চাগুলো আটক করেন। মধুগ্রাম সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. খোরশেদ আলম জানান, বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা ট্রলার থেকে মুরগির বাচ্চাগুলো ধানখেতে ফেলে পালিয়ে যায়। ফেনী ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার জানান, সীমান্ত থেকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে আনার পথেই প্রায় পাঁচ হাজার বাচ্চা মারা গেছে। অবশিষ্ট বাচ্চাগুলো ফেনী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।ফেনী শুল্ক বিভাগ সূত্র জানায়, বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স থেকে ২০ হাজার বাচ্চা পাঠালেও পথে আরও এক হাজারের বেশি বাচ্চা গরমে মারা গেছে।