ফেনীতে ৪ হোটেলকে জরিমানা
ফেনীতে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত খাবারে বিষাক্ত বায়োনিক হাইড্রোজ মেশানোর অপরাধে একটি হোটেলকে ৫০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি হোটেলকে ১০ হাজার টাকা করে ৩০ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন গতকাল শনিবার দুপুরে শহরের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের রেনেসা হোটেলে খাবারের সঙ্গে বিষাক্ত বায়োনিক হাইড্রোজ কেমিক্যাল মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মহিপালের শাহীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খায়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ফেনী সদর হাসপাতাল রোডের মোস্তফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফেনী পৌরসভার স্যানিটারি খাদ্য ও স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণময় মজুমদার উপস্থিত ছিলেন।