ফেনীতে ৫ বগি লাইনচ্যুত তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ফাজিলপুরে শনিবার সন্ধ্যায় কনটেইনারবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে এখানে ঢাকা ও চট্টগ্রামগামী ১০টি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। লাইন সংস্কার শেষে গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় আবার ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেনী রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের পাঁচটি বগি ফেনীর ফাজিলপুর স্টেশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়। রাতেই চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ১৫ ঘণ্টা পর গতকাল সকাল সাড়ে নয়টায় এ পথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এ সময় দুর্ঘটনাস্থলের উভয় পাশে ১০টি ট্রেন আটকা পড়ে। ফেনী রেলস্টেশন মাস্টার বি কে বিশ্বাস জানান, দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।