ফেনীতে ৬২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ফেনীর দাগনভূঞা উপজেলাধীন জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিডিআরের ৬২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আজ রোববার। দীর্ঘ ২৭ দিন পর আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হবে। জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ শুনানি হবে। আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।বিডিআর সূত্র জানায়, বিচারকাজে সহযোগিতা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ আহমদ, দুই বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। মামলার প্রসিকিউটর ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন এবং প্রথম সাক্ষী মামলার বাদী একই ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক সুবেদার জালাল আহম্মদ প্রত্যেক আসামির বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করবেন। বিচারকাজে আরও সহযোগিতা করবেন মো. নুরুজ্জামান শেখ, মো. মঞ্জুর আলম ও মো. রেজাউল করিম। এ ছাড়া বিচারকাজ অবলোকন করার জন্য কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মির্জা এজাজুর রহমান এবং ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদসহ কাছের ইউনিটগুলোর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য নিয়োজিত অফিসার মেজর আউয়াল উদ্দিন আহমেদ ও আসামিদের নিয়োজিত আইনজীবী কায়কোবাদ আদালতের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।