ফেনীতে ৯৫ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৯৫ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য উদ্ধার করেছেন। এর মধ্যে রয়েছে হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও কাঠ। গতকাল শনিবার ভোরে ও গত শুক্রবার রাতে এসব অভিযান চালানো হয়।
ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গীতাবাড়ি, ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া ও পরশুরামের মির্জানগর ইউনিয়নের সুবারবাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে চোরাচালানির মাধ্যমে বিদেশ থেকে আনা ৩৪৯ বোতল হুইস্কি, ৯০ বোতল ফেনসিডিল, ২৬ বোতল বিয়ার ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল ভোরে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী মধুগ্রাম এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানির পণ্য রয়েছে সন্দেহে একটি ট্রাক ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাক রেখে চালক পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৫৪টি ভারতীয় শাড়ি, ৭০টি লেহেঙ্গা ও ২৬৫ ঘনফুট কাঠ জব্দ উদ্ধার করে।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কাজী ওবায়দুর রেজা বলেন, অভিযানে চোরাচালানির কাজে ব্যবহার করা ট্রাকটিও জব্দ করা হয়েছে।