ফেনীতে 'নিখোঁজ' পাঁচজন বাড়িতেই আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের ‘নিখোঁজের’ তালিকায় নাম থাকা ফেনীর ১৩ জনের মধ্যে ৫ জনের খোঁজ পাওয়া গেছে। তাঁরা নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। গত কয়েক দিন বিভিন্ন উপজেলায় নিখোঁজ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের অবস্থান সম্পর্কে জানা গেছে।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ দুজনের বাড়ি ফেনীতে উল্লেখ করা হলেও র্যাবের তালিকায় তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা নেই। এর বাইরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজন পলাতক, ছাগলনাইয়ায় একজন অপহৃত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দাগনভূঞার পলাতক একজনের বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং ব্লগার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। আরও তিনজনের কোনো হদিস পরিবার ও পুলিশ এখনো পায়নি।
ফেনী সদর থানার এসআই অমর চন্দ্র দাস বলেন, র্যাবের নিখোঁজ তালিকায় ফেনী সদরের চারজন শাখাওয়াত হোসেন, কাজী মহিবুল ইসলাম, ওমর ফারুক ও মো. ইস্রাফিল বর্তমানে নিজ নিজ বাড়িতে রয়েছেন। ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে নিখোঁজ মোক্তার হোসেনের বাড়ি সদর উপজেলার দৌলতপুর এবং চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে নিখোঁজ মো. রিয়াজের বাড়ি ফেনীর রামপুরে বলা হলেও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় তাঁদের কোনো হদিস করা যায়নি।
পরশুরাম থানার ওসি আবুল কাসেম চৌধুরী বলেন, নিখোঁজ তালিকায় নাম থাকা পরশুরামের মো. ফোরকান চৌধুরী আগে ট্রাক চালাতেন। তিনি বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাড়িতে রয়েছেন।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, তালিকার সাজ্জাদ হোসেন পারভেজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে থানায় মামলা করেছেন তাঁর বাবা মো. আশেক এলাহি। এখন পর্যন্ত পুলিশ তাঁর কোনো হদিস করতে পারেনি।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, মো. রেদোয়ানুল আজাদ রানার বিষয়ে থানায় কোনো জিডি নেই। পুলিশ জানায়, তাঁর গ্রামের বাড়ি দাগনভূঞায় হলেও তিনি সপরিবারে ঢাকার মিরপুরে থাকতেন। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যার মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।