ফেনীতে 'পুলিশের বাধায়' স্বেচ্ছাসেবক দলের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পুলিশের বাধায় গতকাল বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্বেচ্ছাসেবক দলের অভিযোগ, গতকাল সকাল থেকে পুলিশ সভাস্থল ঘিরে রাখে। এ ছাড়া মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাদের বাসায় অভিযান চালায় পুলিশ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ওরফে জুয়েল বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের মৌখিক অনুমতি নিয়ে তাঁরা শহরের ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করেন। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁর মিজান রোডের বাসায় হানা দেয়। তিনি তখন বাসায় ছিলেন না। তাঁকে না পেয়ে পুলিশ তাঁর ভাই আতিকুর রহমানকে থানায় নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া একই রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিনের বাসায়ও পুলিশ তল্লাশি চালিয়েছে।
গতকাল সকাল থেকে ভাষাশহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নেয়। দলীয় সূত্র জানায়, এ কারণে নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়। সভাস্থলের সামনে পুলিশ দেখে নেতা-কর্মীরা চলে যান। এতে কোনো সভা হয়নি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সভাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। তা ছাড়া তাঁদের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা আছে। পুলিশ আসামি ধরতে চাইবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, মূলত গ্রেপ্তারের ভয়ে নেতা-কর্মীরা সভাস্থলেই যাননি।