ফেনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. সোহেল ওরফে রুটি সোহেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের হ্যাঙ্কার বাড়ি এলাকায় গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
এদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার জয়রামপুর আনোয়ার গ্রামে গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইদ্রিস আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, গতকাল ভোর সাড়ে চারটার দিকে বিরিঞ্চি এলাকায় একদল সশস্ত্র লোক অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত হতে র্যাব সদস্যরা সেখানে গেলে সোহেল ও তাঁর সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এরই একপর্যায়ে সোহেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, নিহত সোহেলের পিঠে তিনটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, সোহেলের বিরুদ্ধে ফেনী থানায় দুটি হত্যাসহ আটটা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বহু অভিযোগ ছিল। ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
রংপুরের মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইদ্রিস আলীর বাবার নাম সাখাওয়াত হোসেন। বাড়ি মিঠাপুকুরের মমিনপুরের বাতাসন এলাকায়।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, ইদ্রিসের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় সাতটি মামলা রয়েছে। রোববার রাত নয়টার দিকে তাঁকে উপজেলার বলদিপুকুর অভিরাম নুরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌনে তিনটার দিকে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এরই একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে ইদ্রিস নিহত হন।