ফেনীতে 'শ্বশুরপক্ষের দেওয়া' আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
ফেনীতে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ গৃহবধূ ফারজানা আক্তার (২২) গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
২ আগস্ট ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গৃহবধূ ফারজানা আক্তারের মা নাসিমা আক্তার বলেন, ২ আগস্ট সকালে তাঁর মেয়ে ফারজানার সঙ্গে শাশুড়ি হারিছা বেগমের ঝগড়া হয়। এতে শ্বশুর, দেবর-ননদ ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে মারধর করেন। একপর্যায়ে ফারজানা নিজ কক্ষে শুয়ে পড়েন। এ অবস্থায় শাশুড়িসহ অন্যরা তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
ফারজানার বাবার বাড়ি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামে। সাড়ে তিন বছর আগে একই উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের সগির আহমঞ্চদের সঙ্গে তাঁর বিয়ে হয়। ফারজানার একটি কন্যাসন্তান রয়েছে। তার বয়স দুই বছর।
নাসিমা আক্তার বলেন, বিয়ের পর সগির বাহরাইন চলে যান। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ তাঁকে নিয়মিত নির্যাতন করতেন ও বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ দিতেন। তিনি জানান, বছরের বেশির ভাগ সময় ফারজানা তাঁদের বাড়িতে থাকতেন। অগ্নিদগ্ধ হওয়ার পাঁচ দিন আগে তাঁকে শ্বশুরবাড়ি দিয়ে আসা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ওই গৃহবধূর শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। ভর্তির দিনই উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর খবর তিনি শুনেছেন। ওই গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ আসামি হারিছা বেগম (৫০), কবির আহমঞ্চদ (৬০), একরামুল হক (২২), শহীদ আহমঞ্চদ (১৯), মনোয়ারা বেগম (২৪) ও মাহফুজুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে। তাঁরা বর্তমানে জেলহাজতে আছেন।