ফেনীর কাগজ যাচ্ছে ইউরোপ-আমেরিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর বিসিক শিল্প নগরে অবস্থিত শুকতারা পেপার মিলের  হ্যান্ডমেড কাগজ দিয়ে বিদেশে রপ্তানির জন্য বিয়ের আমন্ত্রণপত্র তৈরি করছেন নারী শ্রমিকেরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ফেনীর বিসিক শিল্প নগরে অবস্থিত শুকতারা পেপার মিলের হ্যান্ডমেড কাগজ দিয়ে বিদেশে রপ্তানির জন্য বিয়ের আমন্ত্রণপত্র তৈরি করছেন নারী শ্রমিকেরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

নব্বইয়ের দশকে উন্নয়ন সংস্থার ভালো বেতনের চাকরি ছেড়ে ফেনীর বিসিক শিল্প নগরে হ্যান্ডমেড কাগজের একটি কারখানা প্রতিষ্ঠা করেন গাজী আবদুর রব। কচুরিপানা, কড়ইগাছের পাতা, বর্জ্য পাট, বর্জ্য তুলা, কাঁচা ঘাস, চাপাতা, ধানের তুষ—এসব তাঁর কাগজ তৈরির কাঁচামাল। বিষয়টি শুনে অনেকে রীতিমতো বিস্ময় ও সন্দেহ প্রকাশ করেছিল। কিন্তু এখন আবদুর রব তা করে দেখিয়েছেন। তাঁর কারখানায় মাসে তিন টন হ্যান্ডমেড কাগজ উৎপাদিত হচ্ছে। উৎপাদিত কাগজের বেশির ভাগই যাচ্ছে বিদেশে।
এ দেশের চারুকলার শিক্ষার্থী ও শিল্পীদের ছবি অাঁকার প্রয়োজনে এক সময় হ্যান্ডমেড অর্থাৎ হাতে তৈরি কাগজ আমদানি করতে হতো বিদেশ থেকে। ফেনীর দুটি কারখানায় উৎপাদিত কাগজ সে চাহিদা অনেকখানিই মিটিয়েছে। ২০ বছর ধরে ফেনীর হ্যান্ডমেড কাগজ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। গাজী আবদুর রব ‘শতরূপা হ্যান্ডমেড পেপার মিল’ প্রতিষ্ঠার আগেই চাড়িপুরে অবস্থিত ফেনী বিসিক শিল্প নগরে আরও হ্যান্ডমেড কাগজের একটি কারখানা গড়ে ওঠে। দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ১৯৮৯ সালে ‘শুকতারা’ নামের সেই কারখানাটি প্রতিষ্ঠা করেছিল উন্নয়ন সংস্থা ম্যানোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি। সে প্রতিষ্ঠানেই চাকরির সুবাদে আবদুর রব শুকতারার উৎপাদনব্যবস্থা দেখেছেন কাছ থেকে। এরপর অভিজ্ঞতা আর সাহস এই দুটো জিনিস পুঁজি করে নিজেও কাগজ উৎপাদন শুরু করেন। বর্তমানে তাঁর ১৮ হাজার ৮০০ বর্গফুটের কারখানায় কর্মরত আছেন ৮ জন পুরুষ ও ৫০ জন নারী। নারী শ্রমিকদের সবাই দুস্থ পরিবার থেকে আসা। কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর ভাগ্য ফিরেছে তাঁদেরও।
সম্প্রতি শতরূপা পেপার মিলে গেলে কথা হয় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী গাজী আবদুর রবের সঙ্গে। কী করে এমন ভাবনা মাথায় এল জানতে চাইলে তিনি বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এমসিসিতে চাকরির সুবাদে ১৯৮৫ সালে নেপালে এবং এরপর ভারতে গিয়ে তিনি হ্যান্ডমেড কাগজ উৎপাদনের বিষয়টি জানতে পারেন। পরে ওই সংস্থা ফেনীর বিসিকে শুকতারা নামের হ্যান্ডমেড কাগজের কারখানা প্রতিষ্ঠা করে। যার সঙ্গে আবদুর রবও জড়িত ছিলেন। ১৯৯৪ সালের শুরু দিকে তিনি প্রথম তঁার বাসায় হাতে তৈরি কাগজ উৎপাদনের চেষ্টা শুরু করেন। নানা বইপত্র ঘেঁটে কাগজ উৎপাদনে পদ্ধতি সম্পর্কেও ধারণা জন্মে। এরপর ৪৩ শতক জমিতে প্রতিষ্ঠা করেন ‘শতরূপা হ্যান্ডমেইড পেপার মিল’। কয়েক বছর পরীক্ষামূলক উৎপাদন চলে। বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ২০০৫ সাল থেকে বিসিক শিল্প নগরীর কারখানার অবকাঠামো নির্মাণ শুরু করেন, যা শেষ হয় ২০০৮ সালে।
আবদুর রব জানান, বিসিক থেকে জমি নেওয়ার সময় সেখানে প্রায় ২৮ লাখ টাকার অবকাঠামো ও যন্ত্রপাতি ছিল। এই টাকা ঋণ হিসেবে তাঁর নামে যোগ হয়েছিল। এরপর তিনি নিজেও ১২ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এখন সব ঋণ শোধ করেছেন তিনি। ব্র্যাকসহ নানা প্রতিষ্ঠান তাঁর কারখানা থেকে নিয়মিত কাগজ িকনে নানা পণ্য তৈরি করে সেসব দেশের বাইরে রপ্তানি করছে। বর্তমানে পাট, সুতা, তুলা ইত্যাদি উপকরণ থেকে শতরূপায় ২০ থেকে ৩০ ধরনের কাগজ উৎপন্ন হয়।
সম্প্রতি ওই কারখানায় গিয়ে দেখা গেছে, বর্জ্য পাট, বর্জ্য তুলা, কচুরিপানা, গাছের পাতা, ঘাস ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করছেন শ্রমিকেরা। তারপর ছোট ছোট আকারে কেটে ঝাড়াই যন্ত্র দিয়ে ধুলাবালু মুক্ত করে বয়লারে সেদ্ধ করছেন সেসব। বয়লারে মণ্ড তৈরি হলে সেসব ছাঁকনি দিয়ে ছেঁকে একটি কাপড়ের ওপর রাখছেন। এরপর হাইড্রলিক প্রেশার যন্ত্র দিয়ে পানি অপসারণ করে শুকিয়ে তৈরি করছেন কাগজ।
কারখানার কর্মীরা জানান, ছবি আঁকার কাগজ ছাড়াও এখানে পোশাক কারখানার ট্যাগ, লেখার প্যাড, বিয়ের চিঠি, খাম ও র্যাপিং পেপারে ব্যবহার উপযোগী কাগজ তৈরি হয়।
একই চিত্র দেখা গেছে শুকতারা কারখানায়ও। এখানে কাগজ উৎপাদনে পাশাপাশি তৈরি হচ্ছে নানা ধরনের পণ্যও। কারখানার উৎপাদন পরিচালক অ্যাঞ্জেলা মালাকার বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমসিসির উদ্যোগে ১৯৮৯ সালে শুকতারা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশে প্রথম বড় ধরনের হ্যান্ডমেড কাগজ তৈরির প্রকল্প। ২০০১ সালে এমসিসি ‘প্রকৃতি’ নামে অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে। বর্তমানে প্রকৃতির ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে শুকতারা। দুস্থ নারীরাই এই কারখানার শ্রমিক। কারখানায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫৫ জন কর্মী আছেন। যাদের মধ্যে সরাসরি কাগজ উৎপাদনে জড়িত ৪৪ জন নারী শ্রমিক। কাগজ বিক্রি করে এই প্রতিষ্ঠান গত বছরে ৫৬ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।
তিনি জানান, বর্জ্য পাট, সুতা ও ধানের তুষ দিয়ে শুকতারায় সরু ও মোটা দুই ধরনের কাগজ তৈরি হয়। মার্বেল পেপার নামের বিশেষ কাগজও এখানে তৈরি হচ্ছে। এই কারখানায় প্রতি মাসে এক টনের বেশি কাগজ উৎপাদিত হয়। উৎপাদিত কাগজ রপ্তানি হয় যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, নিউজিল্যান্ড, জাপান ও ডেনমার্কে। এ ছাড়া হাতে তৈরি কাগজ দিয়ে এই কারখানায় তৈরি হচ্ছে ল্যাম্পশেড, জার্নাল, নেটবুক, পেনসিল হোল্ডার, পেন হোল্ডার ও গ্রিটিং কার্ড। অতিসম্প্রতি কাগজের ব্যাগও তৈরি শুরু করছেন তাঁরা। ঢাকায় আসাদগেটে সোর্স নামের আউটলেটে শুকতারার পণ্য বিক্রিও হয় বলে তিনি জানান।