ফেনীর কারাগারে যুবদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা কারাগারে গত বৃহস্পতিবার রাতে এতিম আলী ওরফে মিয়াধন (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
গত ২২ জুলাই দাগনভূঞা থানা-পুলিশ এতিম আলীকে গ্রেপ্তার করে। দুটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়।
ফেনী কারাগারের জেলার দিদারুল আলম বলেন, গত ২২ জুলাই এতিমকে ফেনী কারাগারে নেওয়া হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত দেড়টায় কারাগারের চিকিৎসকের পরামর্শে দ্রুত তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
যুবদল নেতা এতিম আলীর স্ত্রী বিবি হাজেরা অভিযোগ করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। তাঁকে আটকের পর থানার এএসআই হেলাল উদ্দিন টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁকে থানা-হাজতে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। থানা-হাজতে নির্যাতনের কারণেই তাঁর (এতিম আলীর) মৃত্যু হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, হাসপাতালে এতিম আলীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি দাবি করেন, আঘাতজনিত কারণে এতিম আলীর মৃত্যুর অভিযোগ সঠিক নয়।