ফেনীর ঘটনায় প্রশাসন ও পুলিশের দূরত্ব বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ওসির হাতে জনপ্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশের মধ্যে দূরত্ব বাড়ছে। এ ঘটনায় সারা দেশে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তবে পুলিশ বলছে, দুজন ব্যক্তির মধ্যকার একটি ঘটনা নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিষয়টি অনেক বড় করে উপস্থাপন করছেন। এদিকে এই অভিযোগ তদন্তে গঠিত কমিটি গতকাল রোববার তাদের প্রতিবেদন স্বরাষ্ট্রসচিবের কাছে জমা দিয়েছে। তবে প্রতিবেদনে কী আছে, সে বিষয়ে কেউ মুখ খুলছেন না। সূত্র বলছে, তদন্তে উভয় পক্ষের কিছু বাড়াবাড়ি ছিল বলে তথ্য পাওয়া গেছে। কমিটি মনে করে, ঘটনাটি এড়ানো সম্ভব ছিল। এ বিষয়ে তারা অধিকতর তদন্তের সুপারিশ করেছে। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমি প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি।’ এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি।স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুশতাক প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে বলেন, প্রতিবেদনে কী আছে সেটা এখনই বলা যাবে না; প্রতিবেদন পড়ে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করা হবে। ৩ মে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেগম শাহীন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। ওই দিনের উচ্ছেদের শেষ পর্যায়ে তাঁরা সদর মডেল থানাসংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনসহ কয়েকজন মিলে সহকারী কমিশনারকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।এ বিষয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, এটি একটি ছোট ঘটনা। কিন্তু প্রশাসন ক্যাডার সেটা বড় করে উপস্থাপন করছে।