ফেনীর জিএম হাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ সদস্যের অনাস্থা
ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম ওরফে বাচ্চুর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে পরিষদের আট সদস্য অনাস্থা প্রকাশ করেছেন। গত ৬ ডিসেম্বর তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, চেয়ারম্যান খোরশেদ আলম এক বছর পাঁচ মাস ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেন না। এ ছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে সড়ক উন্নয়ন কাজের টাকা, এলজিএসপি-এলআইসির মনিটরিংয়ের টাকা, ৬০ দিনের কর্মসৃজন কর্মসূচির টাকা এবং হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের জন্য আদায় করা টাকা আত্মসাতেরও অভিযোগ এনেছেন সদস্যরা। এসব অভিযোগ ছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে আরও বিভিন্ন অনিময়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগে স্বাক্ষর করেন রাশেদা বেগম, আবুল কাশেম, মো. হারুন, মো. মোস্তফা কাজী, রুপিয়া অক্তার, ইকবাল হোসেন, যাত্রা মোহন, আবু তৈয়ব চৌধুরী।ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।