জেলা জজ আদালতের পাশে বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের প্রস্তাব বাতিল করার সুপারিশ করায় ফেনীর জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি তুলেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা এ দাবি জানান।জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মজুমদার। এতে বলা হয়, বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের জন্য জেলা জজ আদালত ভবনের দক্ষিণ পাশে এক একর ৬৫ শতাংশ জমি বেশ কিছুদিন আগেই বর্তমান জেলা প্রশাসকের সম্মতিতে অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। সম্প্রতি দখল-প্রক্রিয়া শুরুও হয়। ভূমি অধিগ্রহণ কমিটিতে জেলা প্রশাসক ছাড়াও জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও স্থানীয় সাংসদ থাকলেও জেলা প্রশাসক কাউকে না জানিয়ে হঠাৎ প্রস্তাবিত স্থান বাতিলের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বরাবর সুপারিশ পাঠান।আইনজীবী সমিতির অভিযোগ, জেলা প্রশাসক জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করে গোপনে একক সিদ্ধান্তে ওই সুপারিশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো প্রস্তাব প্রত্যাহার করা না হলে তাঁরা কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি আক্রামুজ্জামান, সমিতির নেতা মীর হোসেন, আবু তাহের প্রমুখ।অভিযোগ সম্পর্কে গতকাল সোমবার রাতে প্রথম আলোর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খানের মন্তব্য জানতে চাওয়া হয়। তিনি বলেন, যাদের জায়গা অধিগ্রহণ করে জজ আদালত ভবন করা হয়েছে, বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের জন্য সেই একই মালিকদের জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে তিনি মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে আলোচনা করে অধিগ্রহণ প্রস্তাব বাতিলের সুপারিশ করেছেন। জেলা প্রশাসক বলেন, তিনি মুখ্য বিচারিক হাকিমকে বিকল্প জায়গা নির্বাচনের অনুরোধ করলেও তিনি এখনো বিকল্প কোনো জায়গার কথা বলেননি। এ নিয়ে বিচারিক হাকিমদের আপত্তি থাকতে পারে। কিন্তু আইনজীবীদের ‘অতি উৎসাহ’ তাঁর কাছে অস্বাভাবিক মনে হচ্ছে।