ফেনীর জেলেপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপল্লিতে হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার আটজনের মধ্যে এজাহারভুক্ত আসামি কাজী নুর হোসেনও রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মো. সাদ্দাম হোসেন, রিয়াজ উদ্দিন ওরফে রুবেল, জাহাঙ্গীর আলম ওরফে সুমন, মো. সোহাগ, জাকির হোসেন, আমির হোসেন ও আলমগীর হোসেন ওরফে বাবু।
গত বুধবার রাতে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় জেলেপল্লির বাসিন্দা জহরলাল দাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আট-দশজনকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।