ফেনীর ডিসি ছুটিতে, ওসির দায়িত্ব হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঙ্গলবার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন। অপরদিকে জেলা প্রশাসক মঙ্গলবার বিকেলে আগামী ৩ জুলাই পর্যন্ত ১২ দিনের ছুটি নিয়েছেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ফেনীর জেলা প্রশাসককে (ডিসি) তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্ব দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর ও ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অন্যত্র বদলির জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়। মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ফেনীর ডিসি ও ওসিকে প্রত্যাহারের জন্য চিঠি দেওয়ার বিষয়টি ঢাকায় সাংবাদিকদের জানান। ফেনী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফেনী সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম মঙ্গলবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল কাদেরের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন। এদিকে ফেনীর ডিসি মো. আবদুল কুদ্দুস খানকে দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র বদলির বিষয়টি ঝুলে রয়েছে। আবদুল কুদ্দুস খান মঙ্গলবার বিকেলে ছুটিতে গেছেন। আগামী ৩ জুলাই পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী। আলতাফ হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচন কমিশনের চিঠির কপি পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। এ ছাড়া তিনি আর কিছু জানেন না বলে জানান।মুঠোফোন বন্ধ থাকায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ডিসি ও সদর থানার ওসির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।গত ১৬ জুন ফেনী সদর উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন চলাকালে ব্যাপক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।