ফেনীর তিন পৌরসভায় পুনঃ তফসিলের দাবি জেলা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর তিনটি পৌরসভায় পুনঃ তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জেলা বিএনপি। গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের অভিযোগ করেন ফেনী সদর, দাগনভূঞা ও পরশুরাম—এ তিনটি পৌরসভায় তাঁদের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় সরকারদলীয় কর্মীরা বাধা দিয়েছেন। এ কারণে তাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। বাধা উপেক্ষা করে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, নানা অজুহাতে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। তিনি এ তিনটি পৌরসভা নির্বাচনের জন্য পুনঃ তফসিল ঘোষণার দাবি জানান।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ অভিযোগ করেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগের দিন ফেনী সদর, পরশুরাম ও দাগনভূঞার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বাড়িতে গিয়ে মনোনয়নপত্র দাখিল না করতে হুমকি দেওয়া হয়। বাধার মুখে অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। ফেনীতে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও সরকারি দলের কর্মীরা বাধা দেন।
লিখিত বক্তব্যে বিএনপির নেতা অভিযোগ করেন, মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং কর্মকর্তারা রাজনৈতিক কারণে বিএনপি-সমর্থিত প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছেন। এর বিরুদ্ধে আপিল করা হবে।
সংবাদ সম্মেলনে ফেনীর তিনটি পৌরসভার মধ্যে শুধু পরশুরাম পৌরসভায় মেয়র পদপ্রার্থী ও পরশুরাম পৌর যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সরকারি দলের সঙ্গে আঁতাত করে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তাঁর মনোনয়নপত্রটি পূরণ করেছেন—সাংবাদিকদের এই প্রশ্নে মোস্তাফিজুর রহমান আঁতাতের অভিযোগ অস্বীকার করেন। তবে তাঁর মানোনয়নপত্রটি কে পূরণ করে দিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।