ফেনীর দুই ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। এ–সংক্রান্ত আদেশ আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আকরামুজ্জমানের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গতকাল বুধবার এক আদেশে এই ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে ৪ জুন অনুষ্ঠেয় নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেন।

একই কারণ দেখিয়ে হাইকোর্টের একই বেঞ্চে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম নামে অপর এক ব্যক্তি রিট আবেদন করেন। এ ক্ষেত্রেও আদালত একই ধরনের আদেশ দেন।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ–সংক্রান্ত চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই দুটি ইউনিয়নের কোনো সীমানা বিরোধ আছে কি না, সেটা তাঁর জানা নেই এবং সীমানা বিরোধ–সংক্রান্ত কোনো অভিযোগও ইতিপূর্বে কেউ করেননি।

৪ জুন ফেনী সদর উপজেলার ধর্মপুর ও বালিগাঁওসহ আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। এর মধ্যে দুটি ইউপিতে নির্বাচন স্থগিত করা হলো।