ফেনীর দুই শাখায় ২৪ লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের ফেনীর সোনাগাজী শাখা ও ইসলামপুর রোড শাখা থেকে মিজানুর রহমান নামের একজন কনিষ্ঠ কর্মকর্তা আমানতকারীদের প্রায় ২৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোনালী ব্যাংকের সোনাগাজী শাখার ব্যবস্থাপক রহিম উল্যাহ খোন্দকার চলতি মাসের শুরুর দিকে এ ব্যাপারে সোনাগাজী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ সেটিকে এখনো মামলা হিসেবে নথিভুক্ত করেনি। একটি সূত্র জানায়, মিজানুর রহমান সোনাগাজী শাখায় কর্মরত থাকলেও সাড়ে তিন মাস ধরে তিনি পলাতক।ব্যাংকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সোনালী ব্যাংকের কনিষ্ঠ কর্মকর্তা মিজানুর রহমান সোনাগাজী শাখায় থাকাকালে আমানতকারীদের ২১ লাখ টাকা আত্মসাৎ করেন। এর আগে তিনি ফেনীর ইসলামপুর রোড শাখায় থাকাকালে গ্রাহকদের দুই লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। মিজানুর রহমান গ্রাহকদের টাকা ছাড়াও জেলা-উপজেলা পরিষদের নামে ইস্যু করা পে-অর্ডার এবং ব্যাংক ড্রাফটের টাকাও নানা কায়দায় আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সোনালী ব্যাংকের ইসলামপুর রোড শাখার একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, ইসলামপুর রোড শাখার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিজেদের চাকরি বাঁচাতে মিজানুর রহমানের আত্মসাৎ করা দুই লাখ ৯০ হাজার টাকা নিজেদের পকেট থেকে শোধ করেছেন। এতে মিজানুর রহমান পার পেয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একাধিক কর্মচারী বলেন, মিজানুর রহমান ফেনীর ফুলগাজী শাখায় থাকাকালে আমানতকারীদের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। ফুলগাজী শাখায়ও তিনি আগের কায়দায় পার পেয়ে যান। কিন্তু সোনাগাজী শাখায় আত্মসাৎ করা টাকার অঙ্ক বড় হওয়ায় সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ওই টাকা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিজানুর রহমান বর্তমান সরকার-সমর্থিত সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের একাংশের একজন কেন্দ্রীয় নেতার নাম ব্যবহার করে প্রভাব খাটান। সোনালী ব্যাংকের সোনাগাজী শাখার ব্যবস্থাপক রহিম উল্যাহ খোন্দকার একজন কনিষ্ঠ কর্মকর্তার টাকা আত্মসাতের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, টাকা উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ব্যাংকের ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সেলিম হোসেন সোনাগাজী শাখা থেকে মিজানুর রহমানের ২১ লাখ টাকা আত্মসাতের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শাখা ব্যবস্থাপক রহিম উল্যাহ খোন্দকার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেছেন। জানতে চাইলে মো. সেলিম হোসেন ব্যাংকের ইসলামপুর রোড শাখার ব্যাপারে কিছু বলেননি। তবে তিনি বলেন, ফুলগাজী শাখার অন্য কর্মকর্তা-কর্মচারীরা মিজানুর রহমানের আত্মসাৎ করা টাকা শোধ করেছেন বলে তিনি শুনেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রথম আলোকে বলেন, তিনি কয়েক দিন আগে মিজানুর রহমানের বিরুদ্ধে সোনালী ব্যাংকের সোনাগাজী শাখার ব্যবস্থাপকের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। তিনি বলেন, দুদকই বিষয়টি তদন্ত করে মামলা হিসেবে রেকর্ড করবে।