ফেনীর দুই হাজারীই সন্দেহের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নাল হাজারী	,নিজাম হাজারী
জয়নাল হাজারী ,নিজাম হাজারী

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে হত্যার মূল পরিকল্পনাকারী কে বা কারা, তা এখনো বের করতে পারেনি পুলিশ৷ তবে মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলছেন, মূল পরিকল্পনাকারী হিসেবে ফেনীর আলোচিত-সমালোচিত দুই হাজারীকেই সন্দেহের তালিকায় রাখা হয়েছে৷ এ দুজন হলেন ফেনী-২ আসনের বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও সাবেক সাংসদ জয়নাল হাজারী৷ নিজাম জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আর জয়নাল সাবেক সাধারণ সম্পাদক৷
এ দুজনের বাইরে উপজেলা নির্বাচনের একরামের প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহতাবউদ্দিন চৌধুরীকেও (মিনার) সন্দেহের তালিকায় রাখা হয়েছে৷
এদিকে পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, একরামের ওপর হামলা হবে, তাঁর গাড়ি ভাঙচুর ও জামাকাপড় ছিঁড়ে দিয়ে অপদস্থ করা হবে—এ কথা ফেনীর আওয়ামী লীগের নেতাদের অনেকেই জানতেন৷ তবে খুন করার পরিকল্পনার কথা জানতেন অল্প কজন৷
তদন্ত-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলছেন, একরামের স্বদলীয় প্রতিপক্ষ ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী আক্রমণকারীদের মধ্যে ছোট একটি গ্রুপকে দিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। মাঠপর্যায়ে তাঁর সঙ্গেই যোগাযোগ ছিল হত্যার মূল পরিকল্পনাকারীর। সেটা কে বা কারা, তা জানার জন্য জাহিদকে গতকাল আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য চট্টগ্রামের একজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ভিন্ন জেলার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে৷ তাঁদের আজকের মধ্যে ফেনী পেঁৗছানোর কথা রয়েছে৷
অবশ্য একরাম হত্যার জন্য ফেনীর সাবেক ও বর্তমান দুই ‘গডফাদার’ জয়নাল হাজারী ও নিজাম হাজারী একে অন্যকে দুষছেন।
নিজাম হাজারী সংবাদ সম্মেলন করে দাবি করেন, জয়নাল হাজারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একরাম হত্যার রহস্য উন্মোচিত হবে৷ নিজামের ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা দাবি করেন, এ হত্যাকে কেন্দ্র করে ফেনীতে নিজাম হাজারী চাপে পড়ায় এবং ঢাকায় অবস্থানরত জয়নাল হাজারী পাঁচ বছর চুপ থাকার পর আবার সক্রিয় হওয়ায় বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন তাঁরা।
অপরদিকে জয়নাল হাজারী ঢাকায় বিভিন্ন টেলিভিশনে ও পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে একরাম হত্যার জন্য সরাসরি নিজাম হাজারীকে দায়ী করে বক্তব্য দিয়েছেন৷ সর্বশেষ গত শনিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির টক শোতে জয়নাল হাজারী বলেন, ‘প্রয়োজনে আমাকে ও নিজাম হাজারীকে গ্রেপ্তার করা হোক। আমাদের জিজ্ঞাসাবাদ করা হোক। র্যাব বা ডিজিএফআইয়ের জিজ্ঞাসাবাদ হতে হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে আমার আস্থা নাই।’
জয়নাল হাজারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দীন আহমেদ চৌধুরীকে (নাসিম) ফেনীর রাজনীতির নিয়ন্ত্রক উল্লেখ করে বলেন, ‘আলাউদ্দীন নাসিমকে বলতে চাই, তুমি এই খুিনদের বাঁচানোর চেষ্টা করো না। তুমি ফেনীর রাজনীতি নিয়ন্ত্রণ করো। এখন যে ঘটনা ঘটল, তাতে তুমি ফেনীর ওপর নিয়ন্ত্রণ হারাবা। তুমি যদি খুিনদের প্রতি কঠোর-নিরপেক্ষ হও, তাহলে ওয়াদা করছি, আমরা তোমার সাথেই থাকব। তোমার সাথে শত্রুতা করব না, বিরোধিতা করব না।... খুিনকে প্রশ্রয় দিলে খুনের দায়দায়িত্ব তোমার ওপর যাবে।’
অবশ্য এ বিষয়ে আলাউদ্দীন নাসিমের সঙ্গে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিবার কল করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷
এদিকে পুলিশ বলছে, একরাম হত্যার ঘটনার আগের রাতে সাংসদ নিজাম হাজারী ঢাকা থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর আদেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনের কল তালিকা থেকে এর প্রমাণও মিলেছে৷ এ কারণে জাহাঙ্গীর আদেলকে খুঁজছে পুলিশ৷ মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রোববার রাতে ও গতকাল বাসাসহ সম্ভাব্য কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়েও জাহাঙ্গীরকে পায়নি৷