ফেনীর নিহত শিক্ষকের পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীর আনন্দপুর উচ্চবিদ্যালয়ের নিহত শিক্ষক আবদুর রহমানের পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের হুমকির মুখে গতকাল শনিবার সকালে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এর আগে শুক্রবার রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। গত ২৭ জুন বিকেলে দুজন অজ্ঞাত যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ির পাশে হাতে বিদ্যুতের তার পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।গতকাল সকালে আনন্দপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শোকসভা হয়। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমানের হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের দাবি জানান। পুলিশ সুপার মো. ইমাম হোসেন মামলাটি ডিবি পুলিশে স্থানান্তরের ঘোষণা দিয়ে তদন্তে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।গতকাল সকালে দক্ষিণ আনন্দপুর গ্রামে গিয়ে দেখা যায়, আবদুর রহমানের পরিবারের আসবাবপত্র ট্রাকে তোলা হচ্ছে। তাঁর স্ত্রী সেলিনা আক্তার প্রথম আলোকে জানান, শুক্রবার সন্ধ্যায় কয়েকজন অপরিচিত যুবক তাঁদের বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ি ছাড়তে বলে। অন্যথায় তাঁদের পরিণতিও আবদুর রহমানের মতো হবে বলে হুমকি দেয়। তাই ভয়ে সন্তানদের নিয়ে রাতে পাশের এক বাড়িতে ছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিছু মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা কিছু জিনিসপত্র তছনছ করে। তাই নিজের এবং এক ছেলে ও দুই মেয়ের নিরাপত্তার কথা ভেবে স্বামীর ভিটেবাড়ি ছেড়ে পরশুরামে বাবার বাড়িতে চলে যাচ্ছেন।তবে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান জানান, তিনি আবদুর রহমানের বাড়িতে শুক্রবার রাতে ভাঙচুর ও লুটপাটের বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে ভাঙচুর বা লুটপাটের ব্যাপারে লিখিত অভিযোগ পুলিশের কাছে করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় তিনি ওই শিক্ষকের স্ত্রীর সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলেছেন। তখন তিনি ওই বাড়িতে থাকা নিরাপদ নয় বলে পুলিশকে জানান। রাতে এলাকায় পুলিশ টহল ছিল। তারপরও ভাঙচুর ও লুটপাটের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।