ফেনীর মুহুরীগঞ্জে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের একটি তদন্তকেন্দ্র স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. নওশের আলী আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, ফেনী পেৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপিত ফয়েজ আহম্মদ, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম প্রমুখ।জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে একাধিক খুন, অগ্নিসংযোগ, চুরি-ডাকাতি-ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটে। গত দুই দশকে শুধু ঘোপাল ইউনিয়নে ২৮টি হত্যার ঘটনা ঘটে। ডিআইজি মো. নওশের আলী তঁার বক্তব্যে বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা না থাকলে মুহুরীগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের একার পক্ষে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।