ফেনীর যুবলীগ নেতা ঢাকায় অপহূত
ফেনীর সোনাগাজী উপজেলার যুবলীগের নেতা সারোয়ার জাহান ওরফে বাবুল ২৬ অক্টোবর রাজধানীর ফকিরেরপুল থেকে অপহূত হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সারোয়ার জাহানের ভাই আবদুর রহিম ওরফে মানিক।আবদুর রহিম প্রথম আলোকে জানান, সারোয়ার জাহান সোনাগাজী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। কয়েক দিন আগে তাঁকে আসামি করে একটি মামলা করেন স্থানীয় ছাত্রলীগের এক নেতার ভাই। সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন। গত বুধবার সন্ধ্যায় আদালত চত্বর থেকে হোটেলে ফেরার পথে ফকিরেরপুল এলাকায় একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভাগনে আরিফুল ইসলাম।আরিফুল জানান, তাঁরা বাসে হাইকোর্ট থেকে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে নামেন। সেখান থেকে রিকশায় করে ফকিরেরপুলে একটি হোটেলের সামনে নামেন। এক মিনিটের মাথায় একটি কালো কাচের সাদা মাইক্রোবাস থেকে তিনজন নেমে টেনেহিঁচড়ে সারোয়ার জাহানকে গাড়িতে তুলে নিয়ে যায়। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে স্বজনদের ধারণা।অপহূত সারোয়ার জাহানের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সম্প্রতি একটি ঘটনায় মারধরের শিকার হয়েছিলেন স্থানীয় ছাত্রলীগের নেতা নাসিরউদ্দীন রিপন। ওই ঘটনায় নাসিরউদ্দীনের ভাই নূরুন্নবী বাদী হয়ে সারোয়ার জাহানসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। তবে তাঁর অপহরণের বিষয়ে সোনাগাজী থানায় কোনো অভিযোগ আসেনি।