ফেনীর রাজাঝির দিঘির পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ফেনী শহরের রাজাঝির দিঘির পাড়ে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট গতকাল শনিবার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
গতকাল বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের নেতৃত্বে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়। এ সময় পেলোডার যন্ত্র দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান চলাকালে অনেকে তাঁদের স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য কিছু সময়ের আবেদন জানালেও তা আমলে নেওয়া হয়নি।
জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ১৬ ডিসেম্বরের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়া না হলে উচ্ছেদ করা হবে বলেও সে সময় ঘোষণা দেওয়া হয়। পরে শুক্রবার রাজাঝির দিঘির পাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার আবেদন জানান।
জেলা প্রশাসন সূত্র জানায়, রাজাঝির দিঘির সৌন্দর্য বিনষ্টকারী এসব দোকান উচ্ছেদের জন্য মালিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক শেষে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান প্রথম আলোকে বলেন, কিছু লোক অবৈধভাবে দিঘির পাড় দখল করে দোকান নির্মাণ করে। এতে দিঘির সৌন্দর্য নষ্ট হওয়া ছাড়াও পরিবেশের ক্ষতি হয়েছে। এ ছাড়া দিঘির পাড়ের সড়কও তাদের দখলে থাকায় সাধারণ মানুষের হাঁটাচলায় কষ্ট হয়েছে। তিনি বলেন, রাজাঝির দিঘির চারপাশে প্রাচীরসহ বাগান সৃজন, প্রশস্ত সড়ক নির্মাণের জন্য চার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ফেনী পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করবে।
রাজাঝির দিঘির পাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি নবী হাজারী বলেন, প্রায় ৪৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন থেকে দিঘির পাড়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। পুনর্বাসন না করে দোকানপাট উচ্ছেদ করায় তাঁরা বিপাকে পড়েছেন।
এদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়েছে। ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান হাজারীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজাঝির দিঘির পাড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি নবী হাজারী, সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, ব্যবসায়ী মো. ইলিয়াছ, গৌরাঙ্গ চন্দ্র দাস।