ফেনীর সংস্কৃতি অঙ্গনে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির রায়হান মিলনায়তনের জন্য প্রস্তাবিত স্থান  প্রথম আলো
জহির রায়হান মিলনায়তনের জন্য প্রস্তাবিত স্থান প্রথম আলো

ফেনী শহরের মিজান সড়কে অবস্থিত জহির রায়হান মিলনায়তন ভেঙে ফেলার পর পাঁচ বছর চলে গেলেও প্রতিশ্রুতি অনুযায়ী আধুনিক ভবন নির্মিত হয়নি। ফলে ফেনীতে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটাই ঝিমিয়ে পড়েছে। ভবন নির্মাণ শুরু করা দূরের কথা, ভবনের নকশাও অনুমোদন হয়নি এখনো পর্যন্ত।
শহীদ জহির রায়হান মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমী, গণগ্রন্থাগার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ছিল। ভবন ভেঙে ফেলায় সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয় বন্ধ হয়ে গেছে। ফলে এখন সংস্কৃতিকর্মীরা মহড়া দিতে পারছেন না।
জেলা পরিষদ ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ষাটের দশকের শেষ দিকে শহরের মিজান সড়কে জেলা পরিষদ ভবনের সামনে ৪৩ শতাংশ জমিতে নির্মিত হয় ‘ফেনী টাউন হল’।
৪০০ আসনের এ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান হতো। মিলনায়তন ভবনের দশটি পৃথক কক্ষ ফেনী পৌর কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে বরাদ্দ দেয়। কক্ষগুলোতে সারা বছর সংগঠনগুলোর গান, নাচ ও নাটকের মহড়া হতো।
শহীদ জহির রায়হান মিলনায়তন ভবনের জমিটি মূলত জেলা পরিষদের মালিকানায় ছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে জেলা প্রশাসন এ মিলনায়তনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় ফেনী পৌরসভাকে। তবে জমির মালিকানা হস্তান্তর না হওয়ায় এই মিলনায়তনের অভিভাবকত্ব নিয়ে সমস্যা থেকেই যায়। আশির দশকের শুরুতে ফেনী টাউন হলের নাম পরিবর্তন করে ‘শহীদ জহির রায়হান মিলনায়তন’ রাখা হয়। ২০০৮ সালের শেষের দিকে জেলা পরিষদ শহীদ জহির রায়হান মিলনায়তনটি ভেঙে সেখানে আরও বেশি আসনের একটি আধুনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়।
পুনর্নির্মাণের জন্য এডিবি থেকে দেড় কোটি টাকার প্রাথমিক বরাদ্দও দেওয়া হয়। তবে নতুন ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গত পাঁচ বছরে নির্মাণকাজ শুরু হয়নি।
ফেনী থিয়েটারের সাবেক সমন্বয়ক কাজী ইকবাল আহম্মদ বলেন, মিলনায়তনটি ভেঙে ফেলায় বর্তমানে ফেনীতে নাট্যচর্চায় স্থবিরতা দেখা দিয়েছে। অথচ নাট্যাচার্য সেলিম আল দীন ও চলচ্চ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও এ মিলনায়তনে নাটক করেছিলেন।
এ প্রসঙ্গে ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী বলেন, ভবনের জন্য দেড় কোটি টাকা পড়ে রয়েছে। নতুন বরাদ্দ ও নকশা পেলেই কাজ শুরু করা যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে।