ফেব্রুয়ারিতে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি মাসে প্রায় নয় লাখ ইন্টারনেট গ্রাহক কমলেও ফেব্রুয়ারিতে গ্রাহকসংখ্যা বেড়েছে সাড়ে ছয় লাখেরও বেশি। মোবাইল ফোনের গ্রাহক বাড়ার ধারাও অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারিতে মোবাইল ফোনের গ্রাহক বেড়েছে প্রায় আট লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার বিটিআরসি ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোবাইল ফোন ও ইন্টারনেট গ্রাহকদের পরিসংখ্যান প্রকাশ করেছে। মোবাইল কোম্পানিগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিটিআরসি প্রতি মাসে এ প্রতিবেদন প্রকাশ করে।

বিটিআরসির ওয়েবসাইটে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে দেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা বেড়েছে ৭৪ লাখ ১৭ হাজার। ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৬৫ লাখ ৫৩ হাজার ২৪৪। তবে মোবাইল ফোন অপারেটরদের মধ্যে এয়ারটেল ও সিটিসেল গ্রাহক হারিয়েছে। গত এক বছরে এয়ারটেলের ৪ লাখ ৬৪ হাজার ও সিটিসেলের ১ লাখ ৫১ হাজার গ্রাহক কমেছে।

গ্রাহক বৃদ্ধির এই প্রবণতাকে টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছে মোবাইল ফোন কোম্পানিগুলো। সামনের দিনগুলোতে এ ধারা অব্যাহত থাকবে বলে তাদের প্রত্যাশা।

মোবাইল অপারেটর রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর মনে করেন, গ্রাহকদের জন্য উপযোগী প্যাকেজ থাকার কারণে আবারও গ্রাহকসংখ্যা বাড়ছে।

এ বিষয়ে একমত গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামালও। তিনি প্রথম আলোকে বলেন, সাধারণত তিন মাসের সক্রিয় গ্রাহক বিবেচনায় ইন্টারনেট গ্রাহক হিসাব করা হয়। আগের কয়েক মাসে গ্রামীণফোন বেশ কয়েকটি চমৎকার প্যাকেজ গ্রাহকের জন্য নিয়ে এসেছিল। সে কারণে এ সময়ে গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকসংখ্যা অনেক বেড়েছে।

বিটিআরসির প্রকাশিত তথ্য অনুসারে ফেব্রুয়ারির শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার, যা জানুয়ারি মাসে ছিল ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার। অর্থাৎ আগের মাসের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৬ লাখ ৫৩ হাজার। এর মধ্যে প্রায় সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। তবে ওয়াইম্যাক্স ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২ লাখ ২৩ হাজার থেকে কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজারে। আর আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৫ হাজারে।

বিটিআরসির এই হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসের ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার গ্রাহকের জায়গায় ফেব্রুয়ারিতে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার। অর্থাৎ, এক মাসে গ্রাহকসংখ্যা বেড়েছে ৭ লাখ ৯৭ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে বাংলালিংকের। তাদের গ্রাহক বেড়েছে ৩ লাখ ৭০ হাজার।

মাসওয়ারি হিসাব:
এ হিসাব অনুযায়ী, গ্রাহকসংখ্যার দিক থেকে ফেব্রুয়ারি মাসেও দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে জায়গা ধরে রেখেছে গ্রামীণফোন। এক মাসে তাদের ৫০ হাজার গ্রাহক বেড়ে গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লাখ ৯৯ হাজারে। গ্রাহকসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম অপারেটর বাংলালিংক। ৩ লাখ ৭০ হাজার গ্রাহক বেড়ে তাদের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ১৫ হাজারে। রবির জানুয়ারিতে প্রায় ১০ লাখ গ্রাহক বেড়েছিল, ফেব্রুয়ারিতে বেড়েছে ১ লাখ ৩১ হাজার। ফেব্রুয়ারি শেষে তাদের গ্রাহকসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৬৪ লাখ ১৪ হাজারে।
অন্যদিকে গ্রাহক কমার ধারা অব্যাহত রয়েছে সিটিসেলের। ফেব্রুয়ারিতে তাদের গ্রাহক ১৩ হাজার কমে দাঁড়িয়েছে ১২ লাখ ৬৩ হাজারে। আরেক অপারেটর এয়ারটেলের গ্রাহকসংখ্যা ২ লাখ ২৮ হাজার বেড়ে দাঁড়ায় ৭৯ লাখ ৪৪ হাজারে। রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটকের গ্রাহক ফেব্রুয়ারিতে ৩২ হাজার বেড়ে দাঁড়িয়েছে ৩৯ লাখ ২২ হাজারে।

বছরওয়ারি বিশ্লেষণ:
অপারেটরদের মধ্যে গত এক বছরে সবচেয়ে বেশি গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের, তাদের গ্রাহক বেড়েছে ২৯ লাখ ১৬ হাজার। বাংলালিংকের গ্রাহক বেড়েছে ২১ লাখ ৪৯ হাজার, রবির ২৪ লাখ ৭৮ হাজার ও টেলিটকের ৪ লাখ ৮৮ হাজার।
গত বছরের মার্চ মাসে এয়ারটেলের গ্রাহকসংখ্যা ছিল ৮৪ লাখ ৮ হাজার, চলতি বছর ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৯ লাখ ৪৪ হাজার। সিটিসেলের গ্রাহকসংখ্যা ১৪ লাখ ১৪ হাজার থেকে কমে হয়েছে ১২ লাখ ৬৩ হাজার।