ফেব্রুয়ারি থেকে ১০ জেলায় এমআরপি পাসপোর্ট
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ফেব্রুয়ারি মাস থেকে দেশের ১০ জেলায় মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে। তখন আর এসব জেলায় হাতে লেখা পাসপোর্টের জন্য কোনো আবেদন নেওয়া হবে না। জেলাগুলো হলো—বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মেহেরপুর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বাগেরহাট।গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সরকার ইতিমধ্যে ঢাকার তিনটি, কুমিল্লার একটি ও ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে এমআরপি পাসপোর্ট দেওয়া শুরু করেছে।এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, এমআরপি পাসপোর্টে তথ্য কম থাকায় অনেক দেশ থেকে অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যতে এমআরপি পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হবে।